প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ AM

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দেশটির সেনাপ্রধান উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের আলোচনা থমকে রয়েছে। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা বাড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি