প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। তাঁর মতে, আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার আইসিজে রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী করেছে। আদালত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। আইসিজের নিজস্বভাবে রায় কার্যকরের জন্য বলপ্রয়োগের ক্ষমতা নেই। মিয়ানমার রায় না মানলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
স্বদেশ প্রতিদিন/এস পি