প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম

তরুণ লেখকদের আবাসন সংকট দূর করতে লন্ডনের একটি ফ্ল্যাট দান করেছেন জনপ্রিয় টিভি সিরিজ ‘ফ্লিব্যাগ’-এর নির্মাতা ও অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ। সুবিধাবঞ্চিত পরিবারের প্রেক্ষাপট থেকে আসা ক্যারিয়ারের শুরুর দিকের লেখকেরা ওই ফ্ল্যাটে বিনা ভাড়ায় থাকতে পারবেন। তবে বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য পরিষেবা বিল তাঁদের নিজেদের বহন করতে হবে।
৪১ বছর বয়সী ফিবি ওয়ালার-ব্রিজ ‘রাইটার্স ব্লক’ নামের নতুন একটি থিয়েটার উদ্যোগের জন্য ফ্ল্যাটটি কিনেছেন। সৃজনশীল শিল্পে শ্রেণিগত বাধা দূর করা এবং আর্থিকভাবে অসচ্ছল লেখকদের সুযোগ তৈরিই এ উদ্যোগের লক্ষ্য। ফ্ল্যাট দেওয়ার পাশাপাশি প্রকল্পটিতে আর্থিক সহায়তাও করেছেন তিনি। চিত্রনাট্যকার ও নাট্যকার জ্যাক থর্নও উদ্যোগটির অন্যতম অর্থদাতা। এ ছাড়া নাট্যকার জেমস গ্রাহাম, ‘হ্যাপি ভ্যালি’র নির্মাতা স্যালি ওয়েনরাইট, ‘দ্য ক্রাউন’-এর লেখক পিটার মরগান এবং চলচ্চিত্র নির্মাতা মার্টিন ম্যাকডোনাঘ এতে সহায়তা করছেন।
উদ্যোগটি ২০০৮ সালে সোফি মেসন ও ডায়ানা জার্ভিস-রিড প্রতিষ্ঠিত ‘অ্যাডপ্ট আ প্লেরাইট অ্যাওয়ার্ড’ থেকে গড়ে উঠেছে। আগের এ উদ্যোগের মাধ্যমে পেশাগত প্রয়োজনে লন্ডনে থাকতে হয়—এমন লেখকদের সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা হতো। সাটন ট্রাস্ট ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ পলিসি অ্যান্ড এভিডেন্স সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, সৃজনশীল শিল্পে কর্মরত ব্যক্তিদের মাত্র ১৬ শতাংশ শ্রমজীবী শ্রেণির পরিবার থেকে এসেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি