প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম

ঐতিহ্যবাহী চলনবিলের শামুক, ঝিনুক ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানের পাশাপাশি চলনবিলের জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দিনব্যাপী সচেতনতামূলক পথসভা ও প্রচারণা চালানো হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় চলনবিলের শামুক, ঝিনুক, দেশীয় মাছ, জলজ প্রাণী ও পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে জলজ সম্পদ আহরণ ও জীববৈচিত্র্যের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে চলনবিলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আসুন, সবাই মিলে চলনবিলের পাখি, শামুক, ঝিনুক ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি।
চলনবিল বাঁচলে, বাঁচবে প্রকৃতি ও জীববৈচিত্র্য।
স্বদেশ প্রতিদিন/এস পি