প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম

বলিউডে প্রথমবারের মতো গান গেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। আর এই সুযোগ তৈরি করে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের বাড়ি মান্নাতে এক সাক্ষাৎ থেকেই শুরু হয় এই সহযোগিতা। এরপর একই রাতেই সংগীত পরিচালক শচীন-জিগরের সঙ্গে কাজ করে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’তে কণ্ঠ দেন এড। গানটিতে তার সঙ্গে রয়েছেন অরিজিৎ সিং।
সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির রেকর্ডিংয়ের ভিডিও প্রকাশ করে এড জানান, শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই তাকে নিজের পরবর্তী সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা। ২০২৫ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে যুক্ত করার অনুরোধ নিয়ে মান্নাতে গিয়েছিলেন এড। সেখানেই শচীন-জিগরের সঙ্গে পরিচয় হয় তার। ওই দিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশ লিখে কণ্ঠ ধারণ করেন তিনি। এডের ভিডিওটি শেয়ার করে শাহরুখও বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন।
শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে গত ২ নভেম্বর প্রকাশিত হয় ‘তু মিল যায়ে’। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির ভিউ ৬ কোটি ছাড়িয়েছে। শুধু ইউটিউবেই দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখবার। ভারতীয় সিনেমার গানের ক্ষেত্রে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডও গড়েছে গানটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি