প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়কে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের মতে, নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা শুরু করতে পারে—এমন আশঙ্কায় সতর্ক রয়েছে তেহরান।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, জীবনযাত্রার ব্যয় কিংবা বিবেকের তাড়নায় মার্কিন ভোটাররা যুদ্ধকে ‘না’ বলেছেন। ইরান এই বার্তাকে সমর্থন করে। তবে তিনি সতর্ক করে বলেন, নতুন করে ইরানে হামলা চালিয়ে ওয়াশিংটনের উচিত হবে না জনমত উপেক্ষা করা। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লিখিত বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় থাকুক, দেশটির শত্রুতা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কাছে সামান্যতম নতি স্বীকার না করার বিষয়েও সতর্ক করেন তিনি।
মঙ্গলবারের নির্বাচনে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। ইরান এই ফলাফলকে ট্রাম্পের অর্থনীতি পরিচালনা ও ইরান যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন ভোটারদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছে। এদিকে, নির্বাচনের পর যুদ্ধ আবার শুরু হতে পারে—এমন আশঙ্কায় সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন। ট্রাম্প সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ করেননি। অন্যদিকে, নতুন করে যুদ্ধ শুরু হলে আরও বড় পাল্টা হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিতও দেয়নি তেহরান।
স্বদেশ প্রতিদিন/এস পি