প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্বে থাকা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছে বহরটি পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে মিছিলটি বের করার দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি