প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:৫৫ পিএম

নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হয়েছে। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাতায়াত করতে পারবেন এবং শরীরচর্চা করতে পারবেন। এতে শরীর ও মন সুস্থ থাকবে।
তিনি বলেন, 'সরকার একে একে নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।'
সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নগরের খালগুলোর পাড়সহ অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। এ কাজে তিনি নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান।
অনুষ্ঠানে উপস্থিত তিন সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের প্রতি নিজ নিজ এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মানুষকে ঘর থেকে বাইরে এসে শরীরচর্চার সুযোগ করে দিতে হবে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিন সংসদ সদস্য ছাড়াও নগর বিএনপির শীর্ষ নেতারা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি