প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি
দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা-এক জেলা এক পণ্য ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা হবে। একই আয়োজনে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
‘দেশ থেকে বিশ্বে’ (Local to Global) স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে এ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। মেলায় দেশের ৬৪ জেলার পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল, জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুপণ্য তৈরির সরাসরি প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তিন দিনের এ মেলায় প্রায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থী আসতে পারেন বলে আশা করছে বিসিক।
এ ছাড়া ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সংরক্ষণ ও বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে জানাতে shilpomela.bscic.gov.bd নামে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
বিসিকের মতে, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং বিশ্ববাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্যের পরিচিতি বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।