প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম

রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের ছবি ও গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। নগরবাসীর অংশগ্রহণে মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেলের পিলার থেকে ৭২ ঘণ্টার মধ্যে পোস্টার অপসারণের ঘোষণা দেওয়া হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার অপসারণ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় যাঁরা আত্মত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন, তাঁদের স্মৃতি মানুষের মনে ধরে রাখতে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি পুনরায় আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ছবি যুক্ত করার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও মেট্রোরেলের পিলারে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, জুলাই অভ্যুত্থানের পেছনে খালেদা জিয়ার অবদান রয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, 'আমরা এটা নিয়ে রাজনীতি করব না। যাঁদের যতটুকু অবদান, ইতিহাসের পাতায় তা লিখে রাখার জন্য গ্রাফিতি আঁকব।'
সিটি করপোরেশন জানিয়েছে, ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ ক্যাম্পেইনে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মিরপুরের মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে গ্রাফিতি আঁকার মাধ্যমে নগরকে সাজিয়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
স্বদেশ প্রতিদিন/এস পি