শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম

সংগৃহীত ছবি
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
আজ রাজধানীর খিলগাঁও প্রাইম স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। এসব ক্ষেত্রে যারা ভালো করবে, তাদের প্রতিভাকে যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহিত করার ব্যবস্থা করছে সরকার। ভবিষ্যতে শিক্ষার্থীরা চাইলে এসব ক্ষেত্রকে পেশা হিসেবেও বেছে নিতে পারবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারী শিক্ষার্থীদের বিনামূল্যে অধ্যয়নের সুযোগসহ শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সবার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও গুরুত্বপূর্ণ। প্রাইম স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে ব্যক্তিগত এবং সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও শিক্ষকদের মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের সন্তানদের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাইম স্কুল অ্যান্ড কলেজ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
উক্ত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।