প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তাঁর ফেসবুক আইডিতে ওই নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশেও অংশ নেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। সফরকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, সাইড ইভেন্ট ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বক্তব্য দেন।
সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। সফরকালে ডা. জুবাইদা রহমানও জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের আয়োজনে অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি