প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, অভিযোগ দায়ের করতে ভুক্তভোগীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক যুবকের নাম খন্দকার সালমান হাসান মিম। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় সালমানকে আটক করা হয়। ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। দুই দিন আগে সালমান রাজশাহীতে আসেন।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সালমান ওই ছাত্রীকে মুঠোফোনে কল করেন। পরিচয় জানতে চাইলে তিনি অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। বিষয়টি তিনি বন্ধু ও পরিচিতদের জানান। একপর্যায়ে তাঁকে ফোন করে কৌশলে ক্যাম্পাসে আসতে বলেন। রাত দেড়টার দিকে সালমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ছাত্রীর সহপাঠীরা তাঁকে আটক করেন। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই ছাত্রীর অভিযোগ, রাত সাড়ে ৪টায় ফোন করে অর্থের প্রলোভন দেখিয়ে তাঁকে কুপ্রস্তাব দেন সালমান। পরে তিনি জানতে পারেন, সালমান তাঁর সাবেক রুমমেটের সাবেক প্রেমিক। এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সালমান। তিনি বলেন, ‘আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করতে পারে। তাঁর সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি দেখা করতে চেয়েছিলাম।’
স্বদেশ প্রতিদিন/এফএইচ