প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি