প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’ গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশের দাবি, হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—‘টিম RAW’-এর ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘Crime Setup’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’-এর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
১০ দিনে আটক দুই হাজারের বেশি কিশোর
জেলা পুলিশ জানায়, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশের ভাষ্য, যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া কিশোরদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ