প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘টেক্সটাইল ফেস্টিভ্যাল ২০২৬’। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মাহমুদুর রহমান সুমন।
শিক্ষার্থীদের উদ্দেশে মো. মাহমুদুর রহমান সুমন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে তোমরা তোমাদের জীবন গড়ার ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করো।’ বিশ্ববিদ্যালয়জীবনের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. মো. তাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিইউবির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন মো. মাসুদ রেজা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপদেষ্টা মো. আবুবকর সিদ্দিক, অ্যানলিনা ইয়ার্ন ডাইং লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমায়েল মুহাম্মদ মল্লিক, পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহ নুরুননবী ও মোহাম্মদ নাজমুল হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতসহ বৃহত্তর কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনকে জ্ঞান ও দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ সময় হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ