
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সেলিম রেজা জুট মিলের নোংরা পানি নিয়মিত সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় একটি সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে পানি চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনচালকরা। একই সঙ্গে সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোর্ড অফিস বাজার থেকে বুড়িরহাটগামী সড়কের বোর্ড অফিস এলাকায় রাস্তার পাশে সেলিম রেজা জুট মিল অবস্থিত। মিলের নোংরা পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তা সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে পানি চলাচলের ফলে সড়কের পিচ ও কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জুট মিলের পানি নিষ্কাশনের জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না থাকায় নোংরা পানি সড়কের ওপর দিয়ে যাচ্ছে। এতে সরকারি সড়ক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আশপাশের কৃষিজমির ফসলও নোংরা পানি ও বর্জ্যের কারণে ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয় এক পথচারী বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ওপর দিয়ে নোংরা পানি প্রবাহিত হচ্ছে। এতে রাস্তা নষ্ট হয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।
আকাশ নামে এক অটোচালক বলেন, সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে। তার ওপর পানি জমে থাকায় গাড়ি চালাতে সমস্যা হয়। বিশেষ করে রাতে এসব গর্ত সহজে দেখা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
বাদশাহ নামে এক পথচারী বলেন, মিলের পানি নিয়মিত সড়কের ওপর দিয়ে যায়। এতে রাস্তা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন মানুষ ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত এর স্থায়ী সমাধান দরকার।
এ বিষয়ে সেলিম রেজা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন বলেন, মিলের পানি নিষ্কাশনের ড্রেন অন্যদিকে নেওয়ার ব্যবস্থা করা হবে। এতে ভবিষ্যতে সড়কের ওপর পানি পড়ার সমস্যা কমবে বলে আশা করছেন তারা।
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, সরকারি সড়ক নষ্ট করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, শুধু সাময়িকভাবে পানি সরিয়ে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়কের ওপর যাতে কোনোভাবেই জুট মিলের নোংরা পানি প্রবাহিত না হয়, সে জন্য দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ