প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই দীর্ঘ অবকাশ তৈরি হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।
তবে দুর্গাপূজার ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি থাকবে।
দুর্গাপূজার ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের।
ছুটির তালিকা অনুযায়ী, ২২ অক্টোবর দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষ হবে। এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার নিয়মিত পাঠদান ও কার্যক্রম শুরু হবে।
অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন হলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষার্থীরা কার্যত টানা নয় দিনের অবকাশ পেতে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি