প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে তাঁর হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আধাঘণ্টার মধ্যে এসব তথ্য দিতে বলা হয়েছে।
একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। পরে তিনি অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁর স্টুডিওতে হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সালমান মুক্তাদিরের ওই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রতিক্রিয়া আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁর ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ব্যাংক হিসাব তলবের মাধ্যমে সালমান মুক্তাদিরের বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। বিএফআইইউর চিঠিতে তথ্য চাওয়ার কারণ হিসেবে একটি গোয়েন্দা সংস্থার চাহিদার কথা বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি