প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। ধ্বংসস্তূপ থেকে ২৪টি মৃতদেহ বহনকারী ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত ২১ নভেম্বর সন্ধ্যায় সেরাং জেলার চিকান্দে শহরে পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানান, আগুন লাগার সময় সেখানে প্রায় ৩০০ কর্মী ছিলেন। কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই তলায় থাকা ৬৫ কর্মীর মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ এবং চারজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকি আটজনের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার সকালে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতায় মরদেহগুলো খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে স্বজনদের পাশাপাশি নিখোঁজ কর্মীদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। শনাক্তকরণে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। পুলিশের ভাষ্য, একটি মরদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে। আগুনের কারণ জানতে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি