প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম

কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রী তানিয়া সুলতানা (২২) মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
এর আগে দুর্ঘটনার দিনই তানিয়ার স্বামী, সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হন। গত শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজন হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা।
এ ঘটনায় গুরুতর আহত হন নিহত রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা (২২), কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজিচালক জয়নাল আবেদীন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের স্বজনরা জানান, শুক্রবার জুমার নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কাটিরমাথা রেলক্রসিংয়ে ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত একজন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি