প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলক সরবরাহ চলতে পারে বলে প্রকল্পসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রটি। সেদিন প্রায় সাড়ে আট ঘণ্টা সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় এবার উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডে যুক্ত করার আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, কম্পাঙ্কসহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি