প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার দুপুর ১টার দিকে খুলনা নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত আকরাম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন সাবেক চেয়ারম্যান আবেদ আলী। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে চিনতে পেরে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে। পরে তাকে আটক করে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী পাল জানান, দুপুরে এক থেকে দেড়শ লোক আবেদ আলীকে ধরে থানায় নিয়ে আসেন। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি