
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া বন্ডগুলোর মধ্যে ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড-৬’ রয়েছে। এর কুপন রেট হবে ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকের বাসেল-৩-এর অধীনে টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি গ্রিন ডেল্টা ক্যাপিটাল এবং ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট। এটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি ‘ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড (৬ষ্ঠ ইস্যু)’ অনুমোদন দেওয়া হয়েছে। এর কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা এই বন্ডের মাধ্যমে ব্যাংকের টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে। এর ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
ব্র্যাক ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, জিরো-কুপন গ্রিন বন্ড’ অনুমোদন পেয়েছে। এর সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
সংগৃহীত অর্থ দিয়ে যোগ্য গ্রাহকদের জন্য স্বল্প খরচে পরিবেশবান্ধব অর্থায়ন নিশ্চিত করা হবে। বন্ডটির ট্রাস্টি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইস্যু ম্যানেজার আইডিএলসি ইনভেস্টমেন্টস। এটিও স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন পেয়েছে। এর কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
বন্ডের মাধ্যমে ব্যাংকের টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে। এর ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট।
এ ছাড়া ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড’ অনুমোদন দেওয়া হয়েছে। এর কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
সংগৃহীত অর্থ দিয়ে টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়ন করা হবে। বন্ডটির ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। এটিও স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
এদিকে বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্টের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
প্রস্তাবিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে থাকবেন তিনজন—এ এস এফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এ ছাড়া একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।
স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে একজন পরিচালক নেওয়া হবে, যিনি আইএফআইসি ব্যাংক পিএলসির প্রতিনিধি হবেন।
স্বতন্ত্র পরিচালক থাকবেন চারজন। এর মধ্যে করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকবেন এবং তিনজন নতুন করে নিয়োগ পাবেন।
কোম্পানি মামলা প্রত্যাহার করলে বিএসইসি ইতোপূর্বে জারি করা ৩১ ডিসেম্বর ২০২৪ ও ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের সংশ্লিষ্ট দুটি আদেশ প্রত্যাহার করবে বলেও কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ