প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ৩৭ পিস ইয়াবাসহ মুক্তার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুক্তার হোসেন উপজেলার ভাওরখোলা গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের জামাল মিয়ার বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুম রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের কাছে তথ্য রয়েছে, মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন। তাঁর মূল বাড়ি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামে। পরে তাঁরা সেখান থেকে এসে ভাওরখোলা গ্রামে বসতি গড়েছেন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মুক্তার হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ