প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম

আগামী অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাপান ও সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এবং তুরস্কে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয় বিবেচনায় নিয়ে সফরগুলোর সম্ভাব্য সূচি নিয়ে আলোচনা হচ্ছে। তবে কোনো সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
জাপান ও সৌদি আরব প্রধানমন্ত্রীকে পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে। অন্যদিকে তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। সেখানে কপ-৩১ নিয়ে আলোচনা হয় এবং সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।
জাপান সফরের বিষয়ে প্রাথমিক আলোচনায় অক্টোবরের শেষ সপ্তাহের কথা এসেছে। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সময়ে তিন থেকে চার দিনের সফরের সম্ভাবনা রয়েছে। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
সৌদি আরবের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভাব্য সফরের সময় নির্ধারণে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন। দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর হিসেবে ভাষণ দেন। পাঁচ দিনের সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
স্বদেশ প্রতিদিন/এস পি