
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে ক্রমেই বাড়ছে ঋণ পরিশোধের বোঝা। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন।
গতকাল বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১-এর প্লেনারি আনাদোলু হলে উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা ও অর্থায়নের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
তারেক রহমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সম্মুখ সারিতে রয়েছে দেশটি। এ বাস্তবতায় বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদ পেয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ চলছে।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
বিদ্যমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণ ধারা চালু করতে হবে। পাশাপাশি জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ বা ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যকে এ ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি।
নারী ও তরুণদের অংশগ্রহণে গুরুত্ব
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা করে বাংলাদেশ। প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংহতি জোরদার করে সবাইকে একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
কপ-৩১ সম্মেলনে তারেক রহমান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং পরিবেশবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চাইলেন যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ার সহযোগিতা
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহায়তা, নবায়নযোগ্য জ্বালানি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও দেশ দুটির সঙ্গে আলোচনা করেছেন তিনি।
কপ-৩১ সম্মেলনের ফাঁকে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান।
সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আলোচনা হয়। পরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু অর্থায়ন, অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় উঠে আসে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও। একই সঙ্গে এ সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। এ জন্য রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশটিতে বর্তমানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক সফরের আমন্ত্রণ বিনিময় হয়। তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। আলবানিজও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।
পাটজাত পণ্যের প্রচারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি। এ সময় প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন ধরনের পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কথা বলেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনকালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন। তাঁদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ছোট-বড় ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করছেন এবং পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের অনেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজে জুবাইদা রহমান
এদিকে গতকাল বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। মধ্যাহ্নভোজে অংশ নেওয়া অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন জুবাইদা রহমান।
দেশের পথে প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আনতালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আনতালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।