প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম

প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে নিয়ে গ্যালারিতে কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ধরনের আচরণ করা সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।
শনিবার সৌদি প্রো লিগে আল-তাওউন ও আল-হিলালের ম্যাচে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে গ্যালারির একাংশ ‘জোতা’ বলে স্লোগান দিচ্ছেন।
দিয়োগো জোতা গত বছরের ৩ জুলাই স্পেনের জামোরায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান। একই দুর্ঘটনায় তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও নিহত হন। জোতার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেস তাঁর শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন।
ম্যাচ চলাকালে গ্যালারির ওই স্লোগান নেভেসের নজরে আসে। জবাবে তিনি প্রথমে চোখের দিকে আঙুল দেখান এবং পরে আকাশের দিকে ইঙ্গিত করেন। ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলতে গিয়ে নেভেস বলেন, আশা করেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পরে গিয়ে প্রার্থনা করবেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান রোনালদো। তিনি লিগ কর্তৃপক্ষের প্রতি এ ধরনের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রোনালদো বলেন, এ ধরনের আচরণ আর ফুটবলের অংশ হতে পারে না। এর একটি সীমা থাকা প্রয়োজন। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে ম্যাচে বড় জয় পেয়েছে আল-হিলাল। আল-তাওউনকে ৬-০ গোলে হারানোর ম্যাচটিতে ৭৫ মিনিট মাঠে ছিলেন রুবেন নেভেস।
ঘটনার পর আনুষ্ঠানিক অভিযোগ করেছে আল-হিলাল। সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) কাছে অভিযোগ দায়ের করেছে ক্লাবটি। খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে আল-হিলাল।
আল-তাওউনও এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছে। ক্লাবটি বলেছে, এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ক্লাব, সমর্থক বা গ্যালারির মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
এদিকে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) ও সৌদি প্রো লিগ (এসপিএল) যৌথ বিবৃতিতে গ্যালারির ওই আচরণের নিন্দা জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ