প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার নাঈম শেখ। আর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। দুজনই জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন।
সাদমান ইসলামের চোটের কারণে দলে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী নাঈম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পাওয়া সাদমানের এ বছর আর মাঠে নামা হচ্ছে না। এনসিএলে তিনটি শতক ও একটি অর্ধশতক করেছেন নাঈম। এর মধ্যে একটি ইনিংসে তাঁর সংগ্রহ ২৮২ রান। অন্যদিকে রবিনের ব্যাট থেকে এসেছে একটি ডাবল সেঞ্চুরি, ১১৬ ও ১০০ রানের দুটি ইনিংস এবং দুটি অর্ধশতক। চোটের কারণে বিবেচনায় থাকা মাহমুদুল হাসান জয়ও শেষ পর্যন্ত দলে জায়গা পাননি।
দলে জায়গা ধরে রেখেছেন তাইজুল ইসলাম ও জাকের আলী অনিক। তবে ঢাকা ও সিলেট টেস্টে খেলা নাঈম হাসান বাদ পড়েছেন। চোটের কারণে নেই পেসার নাহিদ রানাও। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
স্বদেশ প্রতিদিন/এস পি