প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি
ছেলে নেইমার খেলছেন সান্তোসে, এবার ক্লাবটির প্রশাসনিক দায়িত্বেও যুক্ত হলেন তার বাবা নেইমার সিনিয়র। ব্রাজিলিয়ান ক্লাবটি তাকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। এতে সান্তোসের নেতৃত্ব কাঠামোয় প্রেসিডেন্টের পরই গুরুত্বপূর্ণ অবস্থানে জায়গা করে নিলেন নেইমারের বাবা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক চুক্তিতে চলতি বছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন ৬১ বছর বয়সী ব্যবসায়ী।
সান্তোসের বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হলে নেইমার সিনিয়রের চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নবায়ন হবে। তবে তেইসেইরা এখনো নির্বাচনে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
ক্লাবের এই নিয়োগকে নেইমারের পরিবারের পক্ষ থেকে বর্তমান প্রশাসনের প্রতি স্পষ্ট সমর্থন হিসেবেই দেখা হচ্ছে। তবে নতুন দায়িত্ব পেলেও নেইমার সিনিয়র ক্লাবের ফুটবল কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করবেন না। ক্রীড়া কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ আগের মতোই ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাত্তোসের হাতে থাকবে।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার সিনিয়র ক্লাবের ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সরাসরি সমন্বয় করবেন। পাশাপাশি ফুটবল, বিপণন এবং নতুন বাণিজ্যিক উদ্যোগসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব দেখভাল করবেন তিনি।