প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম

সংগৃহীত ছবি
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে আরেকটি মাইলফলক নিজের নামের পাশে যুক্ত করলেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার নতুন রেকর্ড গড়লেন তিনি। শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে পেছনে ফেলেন ভারতীয় এই ব্যাটিং মাস্টার।
এতদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১,৯৭১ রানের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের দখলে, যা তিনি করেছিলেন ৫১ ইনিংসে। এই ম্যাচে মাঠে নামার আগে কোহলির রানও ছিল পন্টিংয়ের সমান ১,৯৭১। ম্যাচে নিজের দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে পন্টিংকে ছাড়িয়ে যান কোহলি।
ম্যাচটিতে অবশ্য ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফির শিকার হওয়ার আগে ৭ বলে ৭ রান করেন এই ডানহাতি ব্যাটার। তবে ৩৮ ইনিংসেই ১,৯৭৮ রান করে ওয়ানডেতে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে নিজের নাম লেখালেন কোহলি। সিরিজের বাকি ম্যাচগুলোতে এই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।
এই তালিকার তিনে অবস্থান করছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, যিনি ৪২ ম্যাচে ১,৭৫০ রান করেন। এরপর চার নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক তারকা কুমার সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ১,৫৬৮ রান।
এদিকে, এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৪ রানেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে বৃষ্টি আইনে ৪ রানে জয় পায় টিম ইন্ডিয়া।