প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম

শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্টের আবেদন নিয়ে আলোচনার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি।’ তিনি বলেন, এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ‘যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, জানালা দিয়ে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে, তাদের স্বজনেরা কি তাকে সংবর্ধনা জানাবেন? সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা, নাকি আহনাফের আত্মীয়স্বজন?’
রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ আন্দোলনে প্রাণ দেওয়া তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিকদের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, পুলিশ ও র্যাব দিয়ে মানুষের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতা ফিরে পাওয়ার কল্পনা করছেন শেখ হাসিনা।
স্বদেশ প্রতিদিন/এস পি