সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      
শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের
আবদুর রহিম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার শিক্ষকদের হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠা ৯ বছরের শিশু আরাফাত হোসেন আদিব আর নেই।

 দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছে নিষ্পাপ শিশুটি। তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

 স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর এলাকার কামলা বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আদিব। সে ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। আদিব লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের নবম পারার শিক্ষার্থী ছিল।

আদিবের মা আয়েশা আক্তারের অভিযোগ, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ গত দুই বছর ধরে হোস্টেলে রেখে তার ছেলেকে নির্যাতন করে আসছিলেন। গত ১৫ অক্টোবর মাদ্রাসায় আদিবকে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে তাকে আছাড়ও মারা হয় বলে অভিযোগ করেন তিনি।

মায়ের দাবি, ওই মারধরের পর আদিবের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তার লিভারে সমস্যা দেখা দেয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে যায়। সন্তানের এমন করুণ অবস্থা দেখে তাকে প্রথমে বসুরহাটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে ছোট্ট আদিব। যে বয়সে তার বই হাতে নিয়ে পড়াশোনা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই নিভে গেল তার জীবনের আলো।

এদিকে, আদিবের মায়ের বক্তব্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে তিনি ছেলের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন এবং ঘটনার বিচার দাবি করেন।

নাম প্রকাশ না করার শর্তে আদিবের এক স্বজন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, সোমবার সকাল ১০টার দিকে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার চাচাতো ভাই আদিব। 

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে হত্যা মামলা করার জন্য তারা থানায় অবস্থান করছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রুমা জানান, আদিবের স্বজনেরা মামলা করার জন্য থানায় এসেছেন। তিনি বিষয়টি ওসি স্যারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

এলাকাবাসীর দাবি, শিশু আদিবের মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো শিশুকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়।

একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয় না, কাঁপিয়ে দেয় পুরো সমাজের বিবেক। আদিবের পরিবারের এখন একটাই চাওয়া-সন্তান হারানোর এই শোকের মধ্যে যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে না হয় তারা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   কোম্পানীগঞ্জ   শিশু আদিব   মাদ্রাসাছাত্রের মৃত্যু   নির্যাতনের অভিযোগ   মাদ্রাসাশিক্ষক   হত্যা মামলা   শিক্ষার্থী নির্যাতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close