প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:০১ পিএম

পরিবারের আর্থিক সংকট, অসুস্থ বাবা-মায়ের দায়িত্ব কিংবা সংসারের প্রয়োজনে অনেক নারী ঘরের বাইরে চাকরি করেন। তবে নারীদের চাকরি, বিশেষ করে পোশাক কারখানায় কাজ করা এবং কর্মক্ষেত্রে পর্দা পালনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে ইসলামী শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন গাজীপুরের মিরাশপাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও মুফতি সিরাজুল ইসলাম।
ইসলামবিষয়ক প্রশ্নোত্তরভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত উত্তরে তিনি বলেন, ইসলামের বিধান অনুযায়ী পরিবারের ভরণপোষণ, স্ত্রীর খোরপোশ ও আবাসনের দায়িত্ব স্বামীর। স্ত্রীর নিজের উপার্জন করা বা সংসারের খরচ বহন করা বাধ্যতামূলক নয়। তবে জরুরি প্রয়োজনে বিবাহিত নারী চাকরি করতে চাইলে স্বামীর আন্তরিক অনুমতি নিতে হবে। কর্মস্থলে যাওয়া-আসা ও কাজের সময় শরিয়তসম্মত পর্দা বজায় রাখতে হবে। পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা, নির্জনে অবস্থান, সাজসজ্জা প্রদর্শন ও আকৃষ্ট করার উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।
উত্তরে আরও বলা হয়েছে, নারীদের জন্য পৃথক কর্মপরিবেশ থাকলে এবং পুরুষদের সঙ্গে মেলামেশার প্রয়োজন না হলে একান্ত প্রয়োজনে চাকরি করা যেতে পারে। পুরুষ সহকর্মী থাকলেও পূর্ণাঙ্গ পর্দা বজায় রেখে কাজ করার সুযোগ থাকলে চাকরি করার অবকাশ রয়েছে। তবে শরিয়তের বিধান লঙ্ঘন করে বেপর্দা অবস্থায় কাজ করতে হলে সেই চাকরি জায়েজ হবে না বলে মত দিয়েছেন মুফতি সিরাজুল ইসলাম। এ বিষয়ে পবিত্র কোরআনের সুরা নিসার ৩৪ নম্বর আয়াত এবং সুরা বাকারার ২৩৩ নম্বর আয়াতের উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি