প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৩ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৫:০২ PM

সংগৃহীত ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০,২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদগুলোর জন্য আবেদন নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে। ৭ নভেম্বর দেশের জাতীয় পত্রিকায় ১০ হাজার ২১৯ শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এর আগে ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়। ৩১ আগস্ট আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ গঠিত হয়। কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সদস্যসচিব অধিদফরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি রয়েছেন।
সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয়। পরে ২ নভেম্বর নতুনভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ত্রুটি সংশোধন করে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করে।
নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ শব্দটি যুক্ত করা হয়েছে। এতে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ এবং চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।