প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:১০ পিএম

মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রিশাদ হোসেন। তার ঝড়ো ইনিংসের ফলে বাংলাদেশ দল ২১১ রানের বড় সংগ্রহ গড়তে সক্ষম হয়েছে।
নয় নম্বরে ব্যাট করতে নেমে রিশাদ মাত্র ১৪ বলে ৩৯ রান করেছেন। এই ইনিংসে তিনি সমান তিনটি চার ও ছক্কা মেরেছেন। তার স্ট্রাইকরেট দাঁড়িয়েছে প্রায় ২৭৮, যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ।
বাংলাদেশের হয়ে অন্তত ১০ বল খেলার ক্ষেত্রে রিশাদ এখন সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ১৬ বল খেলে ২৭৫ স্ট্রাইক রেটে ২৭ রান করেছিলেন। আর ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বল খেলে ২৭৫ স্ট্রাইক রেটে ৪৪ রান করেছিলেন।
আজ ৪৬তম ওভারে যখন সোহান আউট হন, তখন দলীয় স্কোর ছিল ১৬৩। দুইশ রান পৌঁছানো তখন অনেক দূরের লক্ষ্য মনে হচ্ছিল। কিন্তু রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে তিনি অপরাজিত ৩৯ রান করেন। তার সঙ্গে মিরাজও যোগ্য সঙ্গ দেন। অধিনায়ক অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রান করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ