প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৫৮ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে।
নির্ধারিত শর্ট কোড 16222 এ এসএমএস এর মাধ্যমে ফল পাওয়া যাবে। তবে শিক্ষাবোর্ডসমূহ, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।
পুনঃনিরীক্ষণের জন্য https://rescrutinu.eduboardresult.gov.bd এর মাধ্যমে অক্টোবর ১৭ থেকে অক্টোবর ২৩ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী।
স্বদেশ প্রতিদিন/এমএম