প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:২১ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ১:২৭ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)। শেষ দিনের সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা ভিড় করছেন মনোনয়ন সংগ্রহে।
বিশ্ববিদ্যালয়জুড়ে এখন টানটান উত্তেজনা আর নির্বাচনী আমেজ। প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে জড়ো হয়েছেন তাদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহে। দেখা মিলছে স্বতন্ত্র প্রার্থীদেরও, যারা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন নিচ্ছেন।
এদিকে দিকে আজ দুপুরে ছাত্রীদের আবাসিক প্রীতিলতা হল সংসদ নির্বাচনের জন্য ১২ সদস্যদের প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
গত রোববার মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গেল দুদিনের চেয়ে আজ শেষ দিনে আরও বেশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। প্রার্থীরা তাদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
কেন্দ্রীয় সংসদে শাখা ছাত্রশিবির ও ছাত্রীসংস্থা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি। হল সংসদে ছাত্রীসংস্থার হয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রীতিলতা হল ছাত্রীসংস্থা।
এ সময় তারা পূর্ণাঙ্গ প্যানেলের জন্য ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শীর্ষ তিন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সহসভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মিজবাউল জান্নান তারিন, জিএস পদে আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফরিদা রিমা।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাবিহা, যোগাযোগ ও আবাসন পদে নাজমুন নাহার, সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরাসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তপশিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
স্বদেশ প্রতিদিন/এমএম