প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটির সম্ভাবনা দেখা দিয়েছে।
২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) ও ২৭ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত ছুটি শুরু হবে ওইদিন থেকেই। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে। এ হিসেবে শিক্ষার্থীরা টানা ১২ দিনের বিশ্রামের সুযোগ পাবে।
এই সময়ে ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমি এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা পালিত হবে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি কার্যকর হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পরিচালিত হতে হবে। তাই পূজাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দীর্ঘ ছুটির আবহ তৈরি হয়েছে।
অন্যদিকে, সরকারি চাকরিজীবীদের জন্যও সুখবর রয়েছে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে তাদের জন্য টানা ৪ দিনের ছুটি মিলছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটি নির্ধারিত হবে নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী। ফলে প্রতিষ্ঠানভেদে ভিন্নতা থাকতে পারে।
সব মিলিয়ে এবারের দুর্গাপূজা দেশের শিক্ষার্থীদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি হয়ে উঠতে যাচ্ছে মানসিক প্রশান্তি, পারিবারিক সময় উপভোগ এবং নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার একটি সুযোগ।
স্বদেশ প্রতিদিন/এমএম