প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:৩৮ AM

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে প্রবল বর্ষণের জেরে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন শিশু রয়েছে।
শনিবার (৬ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ ট্র্যাভিস কাউন্টি থেকে চারটি মরদেহ উদ্ধারের পর প্রাণহানির সংখ্যা বেড়ে যায়। এর আগে কের কাউন্টিতে ৪৩ জন এবং বার্নেট কাউন্টিতে ৩ জন মারা যান।
বন্যায় প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, নিখোঁজ প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন স্থানীয়দের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার আহ্বান জানান তিনি।
গভর্নর গ্রেগ অ্যাবট এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি বার্তায় লেখেন, ‘মনে রাখবেন, ঘুরে দাঁড়ান- ডুবে যাবেন না! বৃষ্টি অব্যাহত থাকলে বাইরে বেরোতে হলে সর্বোচ্চ সতর্ক থাকুন।’
বৃহস্পতিবার সকাল থেকে টেক্সাসে টানা বৃষ্টি শুরু হয়। বিকেলের পর থেকে তা প্রবল বর্ষণে রূপ নেয়। এতে গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়।
টেক্সাসের উপ-গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, ‘মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। এমন বিধ্বংসী বন্যা গত কয়েক দশকে দেখা যায়নি।’
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে এবং সবাইকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগে থাকার অনুরোধ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম