প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি
তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে ইজমির শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ইজমিরের গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানার একটি বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ সময় ওপরের দিকে থাকা একটি ক্রেন নিচে পড়ে বড় একটি শিল্প চুল্লির ওপর আঘাত করে। এর পরপরই ঘটে শক্তিশালী বিস্ফোরণ।
প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ইজমিরের মেয়র সেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ পুরোপুরি সরানোর পর হতাহতদের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার জানান, বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে তার কাছে সেটিকে ভূমিকম্পের মতো মনে হয়েছে। পরে রাস্তার অপর পাশ থেকে কারখানার দিকে তাকিয়ে তিনি ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। একই সঙ্গে কারখানার চিমনির কাছেও আগুন জ্বলতে দেখেন বলে জানান তিনি।
এদিকে, কারখানাটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছে শ্রমিক সংগঠনগুলো। তুরস্কের লেবার পার্টির ইজমির শাখার দাবি, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গত এক দশকে ওই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাদের অভিযোগ, কারখানাটিতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে না। ভয়াবহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক পক্ষ। সূত্র: আল জাজিরা