প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম

সংগৃহীত ছবি
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বাদী হয়ে মামলাটি করেন। তবে এজাহারে উল্লেখ করা ১৫ জনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন।
এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, পুলিশকে আগেই কলেজ চত্বরের কয়েকটি জায়গায় মাদকবিরোধী অভিযান চালাতে বলা হয়েছিল। অভিযানের সময় তাঁকে বা উপাধ্যক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছিল। কিন্তু পুলিশ অভিযান চালালেও তাদের জানানো হয়নি।
অধ্যক্ষের ভাষ্য, বিষয়টি জানানো হলে হয়তো অপ্রীতিকর ঘটনাটি ঘটত না। কারণ, পুলিশ সাদাপোশাকে ছিল। তাদের সঙ্গে যদি কোনো শিক্ষক থাকতেন, তাহলে ভালো হতো।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।