প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ AM

গ্রিস থেকে এক ফ্লাইটে ৫১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ২৭ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল। তবে ওই যুবকের সঙ্গে বাকি ৫০ জনকে কী কারণে ফেরত পাঠানো হয়েছে, তা স্পষ্ট করেনি গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা।
প্রতিবেদন অনুযায়ী, গত জুনে গ্রিসের নাফপ্লিও এলাকায় ধারণ করা একটি ভিডিওতে ওই যুবক বাংলাদেশিদের সেখানে যাওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, এলাকায় কাজের সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশ তাঁদের তল্লাশি করবে না। ভিডিওটি প্রকাশের পর দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস এর সমালোচনা করেন। পরে পুলিশ ওই যুবককে শনাক্ত করে এবং তাঁর বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেয়। গত ২৬ জুন তাঁর বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়। তিনবার আশ্রয়ের আবেদন করেও তিনি অনুমতি পাননি।
প্রোটো থেমার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ ফেরত পাঠানোর হার বেড়েছে ২০ শতাংশ। একই সময়ে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ।
স্বদেশ প্রতিদিন/এস পি