প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৪৪ পিএম

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার সুযোগ নিয়ে একটি লিখিত বার্তা সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর কাছে হস্তান্তর করেছে ইরান।
বুধবার (২ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’ এক প্রতিবেদনে জানায়, বার্তাটি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১ জুলাই) রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতির সঙ্গে বৈঠকে এ বার্তাটি গ্রহণ করেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খেরেজি।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কর্মকর্তারা।
ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সাম্প্রতিক সময়ে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ দেখা যাচ্ছে। এই বার্তা তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
স্বদেশ প্রতিদিন/এমএম