
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু না করতে ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজনীতিবিদ ও সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকোট। রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের সংবেদনশীল সময়ে এমন সিদ্ধান্ত ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা দুর্বল করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে আইজেনকট সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তার মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অস্থিরতা তৈরি করতে পারে।
চিঠিতে আইজেনকট নেতানিয়াহুকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নেসেটের সমর্থন নিয়ে নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত, যেগুলো কিছুদিন অপেক্ষা করেও নেওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, তাৎক্ষণিক ও সুস্পষ্ট কোনো হুমকি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন না হলে নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নিয়োজিত করা ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছেন—এমন খবর প্রকাশের পর আইজেনকটের এই বক্তব্য সামনে এলো।
ইসরায়েলের চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে, অনির্দিষ্ট সামরিক অভিযানের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন সেনাপ্রধান জামির। গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগেও একই ধরনের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন তিনি। সামরিক নেতৃত্বের আশঙ্কা ছিল, এ ধরনের পদক্ষেপের ফলে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যেতে পারে এবং নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
যদিও আইজেনকটের চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক সামরিক পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে সেনাপ্রধানের মতবিরোধের খবরের পর চিঠিটি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্রিফিং থেকে তাকে দূরে রাখার অভিযোগও তুলেছেন আইজেনকট। নিয়মিত গোয়েন্দা প্রতিবেদন ও নিরাপত্তাসংক্রান্ত মূল্যায়ন পাওয়ার সুযোগ নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
তবে নেতানিয়াহুর রাজনৈতিক শিবির আইজেনকটের অভিযোগ ও সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক বিতর্কের অংশ করা উচিত নয়। নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করারও বিরোধিতা করেছে নেতানিয়াহুর পক্ষ। গাডি আইজেনকট ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তা এবং মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টির নেতা। চার দশকের বেশি সময় তিনি আইডিএফে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে দায়িত্বে ছিলেন।
২০২২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রেক্ষাপটে নেতানিয়াহুর জরুরি ঐক্য সরকারে অংশ নেন তিনি। তবে যুদ্ধ পরিচালনা এবং পরবর্তী কৌশল নিয়ে মতপার্থক্যের কারণে ২০২৪ সালের জুনে সরকার থেকে পদত্যাগ করেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর ৪৬ জন আইনপ্রণেতা নেতানিয়াহুকে সমর্থন দিলেও ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটকে সরকার গঠনের জন্য সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। নতুন শাসক জোট গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্ব বহাল থাকবে।
ফলে ইসরায়েলের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের এই সময়ে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং রাজনৈতিক জবাবদিহি নিয়ে দেশটির নেতৃত্বের মধ্যে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।