প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৬ AM

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। হরমোজগান প্রদেশের হরমুজ প্রণালির কাছের শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর আগে সেখানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে, কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরা ও আনাদোলু জানিয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে সামরিক ধরনের হামলার খবর দিয়েছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শহরটির পূর্বাঞ্চলে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ স্পষ্ট না হলেও কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এমনটি হতে পারে।
এদিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি