প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৫ AM আপডেট: ১৩.১১.২০২৬ ১০:৪১ এএম

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫, টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ ও এআই সহকারী কোপাইলট ব্যবহারে সমস্যায় পড়েন লাখো ব্যবহারকারী। তবে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সমস্যা শুরুর পর ওয়েবসাইট ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান। পরে অভিযোগের সংখ্যা কমে প্রায় ১৩ হাজারে নেমে এলেও অনেকেই ই-মেইল পাঠানো, গ্রহণ ও ইনবক্স খুলতে সমস্যার কথা জানান। মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ধারণা, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে। অবকাঠামোর কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়ায় সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হয়।
মাইক্রোসফট জানিয়েছে, পুনরায় চালু করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। বাকি সার্ভার সচল করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থায় সেবা চালু রাখার চেষ্টা চলছে। এ বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই সেবাতেও। মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থায় সমস্যার কারণে নতুন সংযোগ তৈরি ও কিছু টুল ব্যবহারে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
স্বদেশ প্রতিদিন/এস পি