প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:১১ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ১২:২৪ PM

সংগৃহীত ছবি
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ১৪ জন বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। নিহতদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীরাও রয়েছেন। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এপি জানিয়েছে, ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকা এই তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এই বিজ্ঞানীদের হত্যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি “একাধিক বছর পিছিয়ে গেছে” এবং ইসরায়েলি-মার্কিন বোমা হামলা থেকে রক্ষা পাওয়া অবকাঠামো ও উপকরণ থেকেও অস্ত্র তৈরি এখন ইরানের জন্য “প্রায় অসম্ভব”।
আরও পড়ুন
জারকার দাবি, “পুরো গবেষক টিম না থাকায় ইরানের প্রযুক্তিগত অগ্রগতি গুরুতরভাবে ব্যাহত হবে।” সোমবার (২৩ জুন) এপি-র সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িকভাবে ব্যাহত করতে পারে, পুরোপুরি থামাতে পারবে না। দেশটিতে এখনও দক্ষ ও প্রশিক্ষিত বহু বিজ্ঞানী রয়েছেন, যারা নিহতদের স্থান পূরণ করতে সক্ষম।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার (২৪ জুন) জানানো হয়, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী—মোহাম্মদ রেজা সেদিঘি সাবের। তাকে ‘কৌশলগত গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে জড়িত’ হিসেবে বর্ণনা করা হয়।
এই ঘটনাগুলো ইসরায়েল-ইরান চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত হলেও, ইসরায়েল বরাবরই এমন আক্রমণকে আত্মরক্ষার কৌশল বলে দাবি করে আসছে।
তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত সরকারিভাবে ১৪ জন বিজ্ঞানী নিহত হওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি। তবে রাষ্ট্রীয় সম্প্রচারে একাধিক নিহতের খবর দেওয়া হচ্ছে, যা এসব তথ্যের সত্যতাকে ইঙ্গিত করে।
স্বদেশ প্রতিদিন/এনআর