প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় দুই এসআই সহ গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
ঘটনার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ আলীও কনস্টেবল ইমরান হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ,
রাতে কুষ্টিয়ার সরকারি কলেজে মাদক বিরোধী অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময়ে কলেজ ছাত্রদলের আহবায় সংগ্রাম হোসেন সহ কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে সরকারি কলেজের ও পাশে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের নেতা কর্মীরা পুলিশদের উপর চড়াও হন। একপর্যায়ে সেখানে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
অভিযোগ উঠেছে এই সময় ছাত্রদলের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যের উপর হামলা করে। ছাত্রদল আটক নেতাদেরও ছাড়িয়ে নিয়েছে বলেও জানা গেছে। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।
রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্টার খাতায় তাদের নাম উল্লেখ নেই।
ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পুলিশের ওপর হামলার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি