প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফুটবল টার্ফ ‘ফ্রি কিক চৌমুহনী টার্ফ’-এর উদ্বোধন করা হয়েছে। প্রায় ১০ হাজার ৩০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত এ টার্ফটি স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন খেলার সুযোগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন এবং টার্ফটির প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান ও রিয়াদ আজাদ।
আয়োজকরা জানান, আধুনিক মানের এ টার্ফে ব্যবহার করা হয়েছে FIFA Certified মানের কৃত্রিম ঘাস, যার পুরুত্ব ৫০ মিলিমিটার। খেলোয়াড়দের সুবিধার্থে এখানে রয়েছে আধুনিক চেঞ্জিং রুম, দর্শকদের জন্য গ্যালারি এবং নামাজ আদায়ের ব্যবস্থা। এ ছাড়া ভবিষ্যতে সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচে সর্বোচ্চ চার লিটার পর্যন্ত বিশুদ্ধ মিনারেল ওয়াটার বিনামূল্যে সরবরাহ করা হবে। উদ্বোধন উপলক্ষে দশ দিনব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ সময়ে ম্যাচ বুকিংয়ে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আয়োজকদের দাবি, চৌমুহনীর তিন কিলোমিটারের মধ্যে অন্য কোনো টার্ফ না থাকায় নতুন এ উদ্যোগ এলাকার ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন তারা।
‘ফ্রি কিক চৌমুহনী টার্ফ’-এর অবস্থান চৌমুহনী পূর্ব বাজারে, লাইফ কেয়ার হাসপাতাল সংলগ্ন ইয়ামাহা বাইক স্কোয়াডের পাশে।
স্বদেশ প্রতিদিন/এস পি